• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বসিক নির্বাচনে বিএনপিসহ সমমনাদের ভোট কোথায় যাবে

প্রকাশ: রবিবার, ৭ মে, ২০২৩ ৮:২১
আপডেট: রবিবার, ৭ মে, ২০২৩ ৮:২১

বসিক নির্বাচনে বিএনপিসহ সমমনাদের ভোট কোথায় যাবে

শামীম আহমেদ, বরিশাল

বসিক নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততোই উৎকণ্ঠা বাড়ছে ভোটারদের মাঝে। ভোটার ও সাধারণ মানুষদের মাঝে চলছে ভোট নিয়ে চুলচেরা বিশ্লেষণ। এছাড়া বসিক নির্বাচনে আসছে না বিএনপি। তাই লাঙ্গল ও হাতপাখার প্রার্থীরা বিএনপির ভোটারদের কাছে টানতে নানা কৌশল অবলম্বন করছেন। তবে আওয়ামী লীগ নেতাদের দাবি, বিএনপির ভোট নৌকায়ও চলে আসতে পারে। এখন নগর জুড়ে প্রশ্ন হচ্ছে- বিএনপির ভোটাররা কোথায় ভোট দেবেন। কোথায় যাবে বিএনপির ভোট?

বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক দেবাশীষ চক্রবর্ত্তী বলেন, ‘একসময় বরিশাল বিএনপির ঘাঁটি ছিল। তাদের একটি ভোট ব্যাংক রয়েছে। এই ভোট আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনে যাবে। জাপা ও ইসলামী আন্দোলন বিএনপির ভোটে ভাগ বসাতে চাচ্ছে।’

সচেতন নাগরিক কমিটি বরিশালের সাবেক সভাপতি অধ্যাপক শাহ সাজেদা বলেন, ‘নৌকার প্রার্থীর প্রচারণা চলছে। একইভাবে মাঠে রয়েছে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা। একমাত্র বিএনপি প্রার্থী ঘোষণা করেনি। তারা নির্বাচনে অংশ না নেওয়ায় তাদের ভোট নির্বাচনে ফ্যাক্ট হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।’

বরিশাল সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন বলেন, ‘বিএনপি সিদ্ধান্ত নিয়েছে এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না। এই সরকারের অধীনে বিগত ১৫ বছরে সুষ্ঠু নির্বাচন হয়নি। গায়ের জোরে তারা ক্ষমতায় আসীন আছে। এই সরকারের অত্যাচারের কারণে সাধারণ ভোটাররা ও বিএনপির ভোটাররা আওয়ামী লীগ সরকারের বিপক্ষে ভোট দেবেন।’

লাঙ্গলের মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, ‘জনগণ শঙ্কায় আছে, আমরাও শঙ্কিত। ১৮ সালের ভোটের ইতিহাস ভাল না। জনগণ মুখিয়ে আছে একটি সুষ্ঠু নির্বাচন দেখা ও ভোটে অংশ নিতে। এখনই ইভিএম একটি সংশয়। আমরা ব্যালটে ভোট চাই। পাশাপাশি সেনাবাহীনী মোতায়েন চাই।’

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, ‘বরিশালে বিএনপির ভোট কোথায় যাবে তা বলা মুশকিল। আমরা ভোটারদের কাছে আবেদন করছি তারা যেন সৎ, আদর্শবান একজন প্রার্থীকে ভোট দেন।’

বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাড. মীর জাহিদুল কবীর জাহিদ বলেন, ‘ভোট ডাকাতির মেশিন ইভিএম। এই মেশিনের ভোট কোথায় যাবে, কী হবে জানা নেই। এমনকি রিকাউন্টিংও করার সুযোগ নেই। ইভিএম কিংবা ব্যালটে এই সরকারের ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না, এটাই চূড়ান্ত।’

১২ জুন বসিকের ৫ম পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে। আসন্ন বসিক নির্বাচনে ১২৬টি কেন্দ্রের, ৮৯৪ কক্ষে, ১ লক্ষ ৩৭ হাজার, ৪৮৯ জন পুরুষ ও ১ লক্ষ ৩৮ হাজার ৮০৯ জন মহিলাসহ সর্বমোট ২ লক্ষ ৭৬ হাজার ২৯৮ জন ভোটার রয়েছে। তবে এর মধ্যে কত জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন তা ১২ জুন নির্ধারণ করা হবে।

উল্লেখ, ২০ বছর আগে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয় বরিশাল। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৪ বার নির্বাচন হয়েছে। এর মধ্যে ২ বার আওয়ামী লীগ ও ২ বার বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন।