• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

মেসিকে ছাড়া বড় জয় পেল পিএসজি

প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩ ৫:০৮
আপডেট: সোমবার, ৮ মে, ২০২৩ ৫:০৮

মেসিকে ছাড়া বড় জয় পেল পিএসজি

স্পোর্টস ডেস্ক

প্যারিসের ক্লাবটির মাঠ এবং মাঠের বাইরের সময়টা কয়েকদিন ধরেই খারাপ যাচ্ছে। এসবের মাঝে লিওনেল মেসি ও নেইমার জুনিয়র ছাড়াই লিগ ওয়ানের ম্যাচে নামে পিএসজি। দুই বড় তারকাবিহীন দলকে সামনে থেকে পথ দেখিয়েছেন কিলিয়ান এমবাপে। তোয়ার বিপক্ষে ৩-১ গোলের বড় জয়ে লিগ শিরোপার আরো কাছে প্যারিস সেন্ট জার্মেই।

পয়েন্ট তালিকার একেবারে তলানির দল তোয়ার মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধের অষ্টম মিনিটে স্বাগতিক সমর্থকদের হতাশায় ডুবিয়ে ফরাসি চ্যাম্পিয়নদের লিড এনে দেন এমবাপে।

ভিতিনিয়ার বাড়ানো ক্রসে হেড দিয়ে পিএসজির গোল যাত্রা শুরু করেন ফরাসি ফরোয়ার্ড। লিগ ওয়ানে এখন পর্যন্ত এটি এমবাপের ২৪তম গোল। বর্তমান মৌসুমে ২৭ ম্যাচ খেলে ২৪টি গোলের দেখা পেয়েছেন ২০১৮ বিশ্বকাপ জয়ী এই তারকা।

প্রথমার্ধে আর গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ভিতিনিয়ার গোলে ৫৯ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। ম্যাচের শেষ দিকে ৮৩তম মিনিটে স্বাগতিক সমর্থকদের আশার আলো দেখান জাভিয়ের। এই মিডফিল্ডারের গোলে ব্যবধান কমিয়ে আনে তোয়া।

ম্যাচে ফিরতে মরিয়া তোয়া উল্টো পিছিয়ে পড়ে। ফাবিয়ান রুইজের গোলে ৮৬ মিনিটে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। শেষ পর্যন্ত আর গোল না হলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্তফ গালতিয়ারের দল।

এই জয়ে ৩৪ ম্যাচ খেলে পিএসজি ৭৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অবস্থান করছে।