• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বাংলাদেশের আগামী নির্বাচনী পরিস্থিতি দেখতে ঢাকায় আসছে ইইউ

প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩ ২:৩০
আপডেট: বুধবার, ১০ মে, ২০২৩ ২:৩০

বাংলাদেশের আগামী নির্বাচনী পরিস্থিতি দেখতে ঢাকায় আসছে ইইউ

নিউজ ডেস্ক

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি দেখতে ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দল। নির্বাচন কমিশন এ ব্যাপারে তাদের আনুষ্ঠানিক আমন্ত্রণও জানিয়েছে। আগামী জুলাই মাসে সার্বিক নির্বাচনী পরিস্থিতি মূল্যায়নের জন্য ঢাকায় বিশেষজ্ঞ দল পাঠাবে ইউরোপীয় দেশগুলোর সংস্থাটি।

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘ইউরোপ ডে’ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানান ঢাকায় ইইউ ডেলিগেশন প্রধান রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে, ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুয়ে, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসান, জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন ও স্পেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ইগনাসিও সাইলস ফার্নান্দেজ পালাসিওস সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

হোয়াইটলি আরও জানান, বিশেষজ্ঞ দল আসাটা পর্যবেক্ষক মিশন পাঠানোর প্রক্রিয়ার প্রথম ধাপ। তারা ইইউর কর্মকর্তা বা আমলা নন। বিশেষজ্ঞ দলটি নির্বাচন ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে এদেশের সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গে কথা বলবে। নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে, সে পরিস্থিতিও দেখবেন তারা।

এর আগে গত ১২ মার্চ বিএনপির একটি প্রতিনিধিদল এবং ২০ মার্চ আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছিল। বিএনপির সঙ্গে কী আলোচনা হয়েছিল এমন প্রশ্নের জবাবে চার্লস বলেন, আমরা শুধু বিএনপির সঙ্গে বসিনি। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে বসেছি। বিএনপি প্রকাশ্যে যে কথাগুলো বলে, সেগুলো আমাদেরও বলেছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণের মতো তারা এদেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। নির্বাচনে কোনো সহিংসতা বা অস্থিতিশীলতা চায় না। ইইউ বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে কোনো ধরনের মধ্যস্থতা বা হস্তক্ষেপও করবে না। তবে পরিস্থিতি বোঝার জন্য তারা এখানকার সব রাজনৈতিক দলের সঙ্গে দেখা করবেন এবং তাদের কথা শুনবেন। তারা সব দলের সঙ্গে আলোচনা এবং মূল্যায়ন করবেন কোনটিকে অংশগ্রহণমূলক হিসেবে বিবেচনা করা হবে। তাই এখনই বলতে পারছি না, অমুক দল অংশগ্রহণ করল বা করল না এবং সেটির ওপর পর্যবেক্ষক পাঠানো নির্ভর করছে।