ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ‘বিজ্ঞান’ ইউনিটে ভর্তি পরীক্ষা ঢাবি ক্যাম্পাস, রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের অন্য সাতটি বিভাগীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় এ পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে চার ইউনিট মিলে দুই লাখ ৯৮ হাজার ৪৩০ শিক্ষার্থী আবেদন করেছেন। এবার মোট আসন রয়েছে ৫ হাজার ৯৬৫টি। সে হিসাবে আসন প্রতি লড়বেন প্রায় ৫০ পরীক্ষার্থী।
জানা যায়, বিজ্ঞান ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৯টি। এ ইউনিটে মোট আসন ১ হাজার ৮৫১টি। সে হিসাবে আসন প্রতি লড়েছে প্রায় ৬৯ পরীক্ষার্থী।
কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা এবং প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান প্রমুখ।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, আমরা পরীক্ষার হল পরিদর্শন করেছি। পরীক্ষা অত্যন্ত সুন্দর ও শান্তভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ডিন মহোদয় গতকাল থেকেই সারা দেশে খোঁজ নিচ্ছেন।
প্রশ্ন ফাঁসের গুজবের বিষয়ে তিনি বলেন, গুজবে কান না দেওয়াই ভালো। গুজব গুজবই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সবাই মিলে সম্মিলিতভাবে যে ধরনের ব্যবস্থা নিয়েছেন তাতে প্রশ্ন ফাঁসের কোনো সম্ভাবনা নাই।
এদিকে, প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছে বলে মন্তব্য করেছেন পরীক্ষার্থীরা। এ বিষয়ে কুষ্টিয়া সরকারি কলেজের কুষণ বিশ্বাস কালবেলাকে বলেন, পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে। পরীক্ষাও ভালো হয়েছে। অনেক শান্তভাবে পরীক্ষা দিয়েছি।
প্রসঙ্গত, ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

