• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বিকেলের মধ্যেই উপকূল পেরিয়ে যেতে পারে মোখা

প্রকাশ: রবিবার, ১৪ মে, ২০২৩ ১:২৩
আপডেট: রবিবার, ১৪ মে, ২০২৩ ১:২৩

বিকেলের মধ্যেই উপকূল পেরিয়ে যেতে পারে মোখা

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা এখন কক্সবাজার ও মিয়ানমারের উপকূল পার হচ্ছে। শুরু হয়েছে বাতাস ও বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মোখা আরও উত্তর ও উত্তর–পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। আজ রোববার বিকেলের মধ্যেই এটি কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল পার হতে পারে।

আজ সকাল পৌনে ১০টায় দেওয়া ১৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আবহাওয়া অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় থাকা মোখা উত্তর ও উত্তর-পূর্ব দিকে আরও এগিয়ে গিয়ে জমাট বেঁধেছে। এটি এখন আছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায়।

ঘূর্ণিঝড়টি আজ সকাল নয়টায় কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ছিল। এটি আরও উত্তর ও উত্তর–পূর্ব দিকে এগিয়ে আজ বিকেল নাগাদ মিয়ানমারের সিটুয়ের কাছে দিয়ে কক্সবাজার ও উত্তর–মিয়ানমার উপকূল পার হয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রহমান আজ প্রথম আলোকে বলেন, দুপুর ১২টার পর কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপে ঝোড়ো হাওয়া ও ব্যাপক বৃষ্টি হতে পারে। আর বিকেলের মধ্যে মোখার উপকূল পার হওয়া শেষ হতে পারে।