• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

ইমরান খানের বাড়ি ঘিরে ফেললো পুলিশ

প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩ ১১:৩৬
আপডেট: বুধবার, ১৭ মে, ২০২৩ ১১:৩৬

ইমরান খানের বাড়ি ঘিরে ফেললো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের বাসভবন পুলিশ ঘিরে ফেলেছে। বুধবার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় এই এই অভিযোগ জানিয়েছেন তিনি।

টুইটারে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন, ‘পুলিশ তার বাড়ি ঘিরে রেখেছে এবং তার গ্রেপ্তার অত্যাসন্ন।’

গত সপ্তাহে দুর্নীতির এক মামলায় দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ইমরান খানকে গ্রেপ্তার করেছিল। পরে আদালত তাকে জামিনের নির্দেশ দেয়। ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে সহিংস বিক্ষোভ দেখা দেয়। এই বিক্ষোভে অন্তত আটজনের প্রাণহানি ঘটে।

যদিও এর আগে সব মামলায় তার জামিনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। আদালত জানিয়ে দিয়েছে, ইমরানের বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছে, তার একটিতেও এই সময়ের আগে গ্রেফতার করা যাবে না পিটিআই প্রধানকে।

দেশটির পত্রিকা ডন এক প্রতিবেদনে জানিয়েছে, পুলিশ পিটিআই প্রধানের বাসভবন জামান পার্ক ঘেরাও করে ফেলেছে। অপরদিকে পিটিআইয়ের টুইট অ্যাকাউন্ট থেকে জামান পার্কে সবাই যাওয়ার আহ্বান জানানো হয়। যাতে পুলিশ তাকে পুনরায় আটক করতে না পারে।

পাঞ্জাব প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র আমির মীরের এক বক্তব্যের পর পুলিশ কর্তৃক খানের বাড়ি ঘেরাওয়ের এ ঘটনা ঘটলো। আমির মীর বলেছেন, ‘খান তার বাড়িতে লুকিয়ে থাকা ৪০ জন সন্দেহভাজনকে ২৪ ঘণ্টার মধ্যে হস্তান্তর করতে হবে।’ তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ পর্যন্ত ৩ হাজার ৪০০ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও অভিযান চলছে।’

সোমবার (১৫ মে) ইমরান খান দাবি করেন, তাকে ১০ বছর জেলে রাখতে চায় সেনাসমর্থিত সরকার। শুধু তা-ই নয়, তার মানহানির জন্য স্ত্রী বুশরা বিবিকেও কারাগারে পাঠাতে চায় ক্ষমতাসীনরা। আর এসব পরিকল্পনা লন্ডন থেকে এসেছে বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী।