• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রাজধানীতে পুলিশ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ৫:৩১
আপডেট: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ৫:৩১

রাজধানীতে পুলিশ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পণ্ড হয়ে গেছে ঢাকা দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচি। সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা শুরু করেন বিএনপি নেতা-কর্মীরা। পদযাত্রাটি সীমান্ত স্কয়ারের সামনে থেকে সায়েন্সল্যাবের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে আগে থেকেই সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় পুলিশ। মিছিলটি কাছাকাছি এলে সড়কে ব্যারিকেড দেয় পুলিশ। নেতাকর্মীরা এ সময় ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। তখন বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

মঙ্গলবার (২৩ মে) দুপুর ২টায় ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়।

পদযাত্রা কর্মসূচিটি সাত মসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সায়েন্সল্যাব, বাটা সিগন্যাল ও কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার কিছু আগে পদযাত্রা নিয়ে নেতাকর্মীরা সায়েন্সল্যাব এলাকায় পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশ বিএনপির নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসালম রবিসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে।

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, লোডশেডিং, সরকারের দুর্নীতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে বিএনপি।