• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তরুণদের জাগাতে সমাবেশ করবে বিএনপি : যুবদল সভাপতি

প্রকাশ: শুক্রবার, ২ জুন, ২০২৩ ১:৪১
আপডেট: শুক্রবার, ২ জুন, ২০২৩ ১:৪১

তরুণদের জাগাতে সমাবেশ করবে বিএনপি : যুবদল সভাপতি

দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ স্লোগানে মাঠে নামছে বিএনপির তিন সংগঠন। ওই স্লোগান ধারণ করে দেশের ছয় স্থানে সমন্বিত তরুণ সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

আজ শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমরা দেশের ছয়টি স্থানে তরুণদের নিয়ে সমাবেশ করব। প্রায় চার কোটির বেশি তরুণ গত ১৫ বছরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আজকে আওয়ামী লীগ না করলে কারও চাকরি হচ্ছে না। এসব কারণেই আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনে দেশকে বাঁচাতে, দেশকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণদের নিয়ে আসার আহ্বান জানাব।’

যুবদলের সভাপতি বলেন, বিশেষ করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তরুণদের উদ্বুদ্ধ করা হবে। কেননা দেশে আইনের শাসন নেই; মানবাধিকার নেই। অনেকেই দুবেলা পেটপুরে খেতে পারে না। বর্তমান আওয়ামী লীগ সরকারের অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সচেতন করে তোলাই হলো তরুণ সমাবেশের মূল লক্ষ্য।

টুকু আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এসব সমাবেশের আয়োজন করা হবে। এর মধ্যে ১০ বা ১১ জুন চট্টগ্রাম থেকে এ কর্মসূচি শুরু হবে। ১৭ জুন রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বিত সমাবেশ হবে বগুড়ায়, আগামী ৭ জুলাই খুলনা বিভাগ, ১৫ জুলাই বরিশাল ও ২২ জুলাই সিলেট বিভাগে হবে তরুণ সমাবেশ। সর্বশেষ ২৯ জুলাই ঢাকায় হবে তরুণ সমাবেশ।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আমরা তরুণ প্রজন্মের কাছে নির্দিষ্ট কিছু বিষয় তুলে ধরব। রাজপথে থেকেই আমাদের অধিকার আদায় করব।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিনাশর্তে বাংলাদেশে প্রত্যাবর্তনের দাবিও জানান তিনি।

সংবাদ সম্মেলনে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।