• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রকাশ: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ২:৪৫
আপডেট: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ২:৪৫

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ডেস্ক নিউজ

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে আশুলিয়ায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। শুক্রবার (১৬ জুন) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে আশুলিয়া প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফফর হোসেন জয় বলেন, আমাদের সহকর্মী সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুধুমাত্র সংবাদ প্রকাশের জেরেই স্থানীয় এক ইউপি চেয়ারম্যান তার ওপর এই হামলা চালিয়েছে। আমরা দ্রুত দোষীদের আটক ও তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি। অন্যথায় সারাদেশের সাংবাদিকদের নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও এটিএন নিউজের সাভার (ঢাকা) প্রতিনিধি জাহিদ হাসান শাকিল বলেন, শুধুমাত্র সাংবাদিকতা করায় আজ জীবন দিতে হয়েছে সাংবাদিক নাদিমকে। আসলে সাংবাদিকরাও মানুষ, তাদেরও পরিবার আছে, সন্তান আছে। আজ নাদিমের সন্তানরা এতিম হয়েছে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আই’র সাভার (ঢাকা) প্রতিনিধি মো. জাকির হোসেন, বিজয় টেলিভিশন সাভার প্রতিনিধি মো. সোহেল হোসেন, সকালের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মো. ইফতেখার আলম জাহাঙ্গীর, সাংবাদিক নজরুল ইসলাম মানিক, দৈনিক বাংলার সাভার প্রতিনিধি ইমতিয়াজুল ইসলাম, ব্রেকিংনিউজের সাভার প্রতিনিধি আব্দুল কাইয়ুম, ঢাকাপোস্ট.কমের সাভার প্রতিনিধি মাহিদুল মাহিদ প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশিগঞ্জের পাথাটিয়া এলাকায় দুর্বৃত্তরা সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি।