চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) আসন্ন কোরবানির ঈদের বর্জ্য ঈদের দিন বিকাল ৫টার মধ্যেই অপসারণ করার প্রস্তুতি নিয়ে কাজ করছে। মঙ্গলবার নগরের জমিয়তুল ফালাহ মসজিদের মাঠে চট্টগ্রামের কেন্দ্রীয় ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শনকালে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এ কথা বলেন।
চসিক মেয়র বলেন, আমরা সকাল ১১টা থেকে কোরবানির বর্জ্য পরিচ্ছন্ন করা শুরু করব। প্রাকৃতিক কোন দুর্যোগ না ঘটলে বিকাল ৫টার মধ্যে নগরীকে বর্জ্যমুক্ত করার প্রস্তুতি নিয়েছি। অল্প কিছু প্রান্তিক এলাকায় কিছু জটিলতার কারণে সর্বোচ্চ সন্ধ্যা লাগতে পারে। বর্জ্য অপসারণ কাজে ৪ হাজার ৩০০ শ্রমিক ও ৩৪৫টি ট্রাকসহ অন্যান্য যানবাহন নিয়োজিত থাকবে। এছাড়া এবার আমরা পশুর নাড়িভুড়ি নেয়ার জন্য পলিব্যাগও দিচ্ছি।এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধাযক প্রকৌশলী আকবর আলী, ঝুলন কুমার দাশ, উপ-সচিব আশেক রসুল চৌধুরী (টিপু), নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের, তৌহিদুল হাসান, সহকারী প্রকৌশলী ইমরান হোছাইন খোকা, অনিক দাশগুপ্ত, শাফকাত বিন আমিন প্রমুখ।

