• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রেলপথ ছাড়ল অস্থায়ী শ্রমিকরা, যোগাযোগ স্বাভাবিক

প্রকাশ: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ৪:৩৮
আপডেট: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ৪:৩৮

রেলপথ ছাড়ল অস্থায়ী শ্রমিকরা, যোগাযোগ স্বাভাবিক

নিউজ ডেস্ক
প্রায় ৫ ঘণ্টা পর রাজধানীর কারওয়ান বাজার এফডিসি এলাকার রেলপথ অবরোধ তুলে নিয়েছে রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা।

রবিবার (১৬ জুলাই) দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেনের আশ্বাসে তারা রেলপথ থেকে সরে দাঁড়ায়। পরে জিএম জাহাঙ্গীর শ্রমিকদের সঙ্গে নিয়ে হেঁটে রেল ভবনের উদ্দেশ্যে রওনা হন।

শ্রমিকদের আশ্বস্ত করে জিএম জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের সিদ্ধান্ত ছিল জুন মাসের পর আউটসোর্সিংয়ের মাধ্যমে শ্রমিক নিয়োগ দেওয়ার। সেই আউটসোর্সিং কোম্পানির জন্য টেন্ডার ডকুমেন্টে আমরা শর্ত দিয়ে দিয়েছি আমরা অভিজ্ঞ লোক চাই। আপনারা যারা এখানে আন্দোলন করছেন তাদের আমরা অভিজ্ঞতার সার্টিফিকেট দেব। একই সঙ্গে আমরা আউটসোর্সিং কোম্পানিকে বলব যেন আপনাদের তারা নিয়োগ দেয়। আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা আপনাদের রেলওয়েতে নিয়োগ দেব, এটা আমাদের ইচ্ছা ও বাসনা।

তিনি আরো বলেন, আমরা আশা করব আপনারা ট্রেন আটকে দিয়ে মানুষকে হয়রানি করছেন সেখান থেকে সরে আসবেন। আমরা আইনের ভেতর থেকে আপনাদের সর্বোত্তম সহযোগিতা করব।

সকাল ১০টার দিকে বিএফডিসি রেলগেট এলাকায় রেললাইনের ওপর অবস্থান নেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এসময় তিতাস কমিউটার ট্রেন আটকে দেন তারা।

মূলত বাংলাদেশে রেলেওয়ের নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকদের (টিএলআর) চাকরি ফেরত দেওয়া, স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল করা এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো ৪র্থ শ্রেণির কর্মচারীদের যোগ্যতা ৮ম শ্রেণি পাস বহাল রাখার দাবিতে ট্রেন আটকে অবস্থান কর্মসূচি পালন করছেন অস্থায়ী শ্রমিকরা।

অবস্থান কর্মসূচিতে থাকা শ্রমিকরা বলেছেন, আমরা বারবার রেল ভবনে স্মারকলিপি দিয়েছি। তারা আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। সুনির্দিষ্ট কোনো প্রতিকার না পাওয়া পর্যন্ত রেললাইন ছাড়ব না।