• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

একদফা এখন জনগণের আন্দোলন : আজাদ

প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ১২:২৭
আপডেট: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ১২:২৭

একদফা এখন জনগণের আন্দোলন : আজাদ

নিউজ ডেস্ক
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একদফার আন্দোলন আজ জনগণের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এই আন্দোলন এখন আর শুধু বিএনপির আন্দোলন নয়, এটা এখন সারা বাংলার মানুষের আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়েই আমরা শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে এদেশের হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ্।

মঙ্গলবার (১৮ জুলাই) দলের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জের মোক্তারপুর সিনেমা হলের সামনে জেলা বিএনপির পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন।

আব্দুস সালাম আজাদ বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ৮২ শতাংশ ভোটার ভোট দেওয়া থেকে বিরত ছিলো। এতেই প্রমাণিত হয়েছে- এই নিশি রাতের সরকারের অধীনে দেশের জনগণ আর ভোট দিতে চায় না। তারাও একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।

পরে পদযাত্রাটি মুন্সিগঞ্জ শহরের ফেরীঘাট এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পদযাত্রায় আব্দুস সালাম আজাদ ও কামরুজ্জামান রতন ছাড়াও মুন্সিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ জাহান খান, সিরাজদিখান উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবদুল্লাহ্সহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।