নিউজ ডেস্ক
শেখ হাসিনার পতন সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মো. সাইদুর রহমান। বুধবার (১৯ জুলাই) রাজধানীর পল্টন মোড় থেকে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের পদযাত্রা শুরুর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবি এখন আর শুধুমাত্র কোনো দল বা গোষ্ঠীর রাজনৈতিক দাবি নয়, এই এক দফা আজকে গণদাবিতে পরিনত হয়েছে।
তিনি আরও বলেন, বিগত প্রায় দেড়যুগ ধরে ক্ষমতাসীন দলের অব্যাহত অগণতান্ত্রিক আচরণ, ভোটের নামে প্রতারণা ব্যাক্তি শেখ হাসিনার ফ্যাসিবাদী আচরণ দেশের মানুষ কে আজকে এই এক দফার দিকে ঠেলে দিয়েছে। তাই শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে কোন মতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সেটা সম্প্রতি ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে আবারো দিনের আলোর মত পরিস্কার হয়ে উঠেছে।
তিনি বলেন, আজকে আওয়ামীলিগের রাজনীতি এতটাই দেউলিয়াত্বে পরিনত হয়েছে যে, সমাজের প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা অতি সাধারন একজন ব্যাক্তি হিরো আলম আজকে তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে উঠেছে এবং তাকে মুকাবেলা করার মত নৈতিক সাহসও তারা হারিয়ে ফেলেছে।অতএব দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এই এক দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই।

