• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ভিপি নুরের ওপর হামলার ঘটনা যুক্তরাষ্ট্রকে জানাল গণঅধিকার

প্রকাশ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ১০:৪৩
আপডেট: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ১০:৪৩

ভিপি নুরের ওপর হামলার ঘটনা যুক্তরাষ্ট্রকে জানাল গণঅধিকার

নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নুরুল হক নুরের ওপর ছাত্রলীগের হামলার ঘটনাটি ভিডিও ফুটেজসহ ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে দিয়েছে নুর-রাশেদের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান এ তথ্য জানান।

রাশেদ বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নুরুল হক নুরের ওপর ছাত্রলীগের হামলার ভিডিও ফুটেজ ও তথ্য সংগ্রহ করেছি। নুরের ওপর এই হামলা, মামলা ও নির্যাতনের তথ্য এবং ভিডিও ফুটেজ ইতোমধ্যে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে পাঠিয়ে দিয়েছি।’

সংবাদ সম্মেলন থেকে নুরুল হক নুরকে হত্যাচেষ্টা, মামলা ও নেতাকর্মীদের আটকের প্রতিবাদে ঢাকাসহ দেশব্যাপী দুই দিনের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ৮ আগস্ট ঢাকায় এবং ১১ আগস্ট দেশব্যাপী জেলা ও মহানগরে এই কর্মসূচি পালিত হবে।

গত বুধবার (২ আগস্ট) ছাত্র অধিকার পরিষদের এক কর্মসূচিতে অংশ নিতে মিছিল নিয়ে টিএসসি যান গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

এ সময় তাদের মিছিলে বাধা, তর্কাতর্কিতে জড়িয়ে একপর্যায়ে তাদের মারধর করেন একদল ছাত্রলীগ নেতাকর্মী। নুরকে রিকশায় তুলে হাসপাতালে নেওয়ার সময়ও কয়েকজন তাকে দৌড়ে মারতে যান। এ সময় ২৫ থেকে ৩০ নেতাকর্মী আহত হন বলে দাবি করেছে ছাত্র অধিকার পরিষদ।

পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।