নিউজ ডেস্ক
আগামী নভেম্বর মাসে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি অ্যাপ চালু করা হবে। এরপরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেন, ভোটের আগের দিন নয়, এবার ভোটের দিন সকালে (দুর্গম এলাকা ছাড়া) কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে ব্যালট। ব্যালটের নিরাপত্তার কথা ভেবে এমন সিদ্ধন্ত নেওয়া হয়েছে।
বুধবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। প্রিজাইডিং অফিসারের সিল ও স্বাক্ষর ছাড়া ব্যালট বৈধ হবে না বলেও জানান ইসি আনিছুর রহমান।
তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ও মাঠ পর্যায়ে প্রার্থীদের শক্তি এবং সামর্থ্য প্রদর্শন করতে না পারে সেজন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীদের আবেদন অ্যাপসে করার পদক্ষেপ নিচ্ছে কমিশন। এছাড়া এ অ্যাপসের মাধ্যমে নির্বাচনী ফলাফল ও কোন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা দায়িত্ব পালন করছেন সেটিও জানা যাবে। আগামী নভেম্বরে এটি লাইভে আসবে।
আনিছুর রহমান বলেন, নির্বাচনকে স্বচ্ছ আর আধুনিকায়ণ করতে এবার নতুন অ্যাপ প্রস্তুত করছে নির্বাচন কমিশন। ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে এই অ্যাপের মাধ্যমে জমা দেওয়া যাবে মনোনায়নপত্র। যেহেতু নভেম্বরে এই ডিজিটাল প্রক্রিয়া চালু হবে তাই তার আগে তফসিল নয়।













