• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

ডা. সাবরিনার বিরুদ্ধে অভিযোগ গঠন ২৭ ডিসেম্বর

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ৭:৪১
আপডেট: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ৭:৪১

ডা. সাবরিনার বিরুদ্ধে অভিযোগ গঠন ২৭ ডিসেম্বর

নিউজ ডেস্ক
জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি তৈরির অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) করা প্রতারণা মামলায় শুনানির জন্য এদিন ধার্য করা হয়।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন জন্য ধার্য ছিল। কিন্তু এদিন সাবরিনা অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবী সময় আবেদন করলে তা মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য নতুন এদিন ধার্য করেন বিচারক।

২০২০ সালের ৩০ আগস্ট সাবরিনার বিরুদ্ধে বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন গুলশান থানার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া। গত বছরের ২৪ নভেম্বর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রিপন উদ্দিন আদালতে অভিযোগপত্রটি জমা দেন।

মামলার এজাহারে বলা হয়, সাবরিনার দুটি এনআইডি কার্ড সক্রিয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি টের পাওয়ার পর বিস্তারিত জানতে ইসির কাছে তথ্য চেয়েছে। সাবরিনা ২০১৬ সালে ভোটার তালিকা হালনাগাদের সময় দ্বিতীয়বার ভোটার হন। তিনি প্রথমে ভোটার হন সাবরিনা শারমিন হোসেন নামে। একটিতে জন্মতারিখ ১৯৭৮ সালের ২ ডিসেম্বর, অন্যটিতে ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। প্রথমটিতে স্বামীর নাম আর এইচ হক আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয় আরিফুল চৌধুরী।