নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির একদফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির গণমিছিল নয়াপল্টনে এসে পৌঁছেছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পরে মিছিলগুলো এসে পৌঁছায়।
রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে ঢাকা মহানগর উত্তরের গণমিছিল শুরু হয়। দক্ষিণের গণমিছিলটি কমলাপুর স্টেশন এলাকা থেকে শুরু হয়ে আরামবাগ, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়।
উত্তর বিএনপির মিছিলটি আবুল হোটেল, মালিবাগ রেলগেট, মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর ও কাকরাইল মোড় হয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছেছে।
এদিকে, নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে দুটি ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে। মঞ্চে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আহমেদ আযম খান, শামসুজ্জামান দুদু, বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রফিকুল ইসলাম বকুল, শামা ওবায়েদ, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।

