• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শমসের-তৈমূরের হাতে তৃণমূল বিএনপির নেতৃত্ব

প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ৩:৫৮
আপডেট: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ৩:৫৮

শমসের-তৈমূরের হাতে তৃণমূল বিএনপির নেতৃত্ব

নিউজ ডেস্ক

জাতীয় সম্মেলনে তৃণমূল বিএনপির চেয়ারপারসন করা হয়েছে শমসের মবিন চৌধুরীকে। আর মহাসচিব করা হয়েছে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে। তারা দুজনই বিএনপির সাবেক নেতা। দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদাও বিএনপির নেতা ছিলেন।

রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দলের জাতীয় সম্মেলন ও কাউন্সিলে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেন তৃণমূল বিএনপির নেতারা। দলটির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে ও তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট অন্তরা সেলিম হুদা বলেন, দেশে একটি সুস্থ রাজনীতির প্রচলন করতে হবে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ কষ্ট পাচ্ছে।

চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায় তৃণমূল বিএনপি। এর তিন দিনের মাথায় মারা যান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। তার মৃত্যুর পর ৬ মে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন নাজমুল হুদার মেয়ে অন্তরা হুদা।

তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদা ১৯৯১ ও ২০০১ সালে দুই দফায় খালেদা জিয়ার সরকারে মন্ত্রী ছিলেন। তবে ২০১২ সালে বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনএফ নামে নতুন দল গঠন করেন। সেখান থেকে বহিষ্কার হওয়ার পর ২০১৫ সালে তৃণমূল বিএনপি গঠন করেন তিনি। নির্বাচন কমিশনে নিবন্ধিত এই দলের প্রতীক সোনালি আঁশ।