নিউজ ডেস্ক
বাজার স্থিতিশীল করতে ভারত থেকে আরও ছয় কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।
আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে। দেশের ছয়টি প্রতিষ্ঠান এক কোটি করে এ ডিম আমদানি করতে পারবে।
প্রতিষ্ঠানগুলো হলো- চিজ গ্যালারি, পপুলার ট্রেড সিন্ডিকেট, এম/এস রিপা এন্টারপ্রাইজ, এস এম করপোরেশন, বিডিএস করপোরেশন, মেসার্স জয়নুর ট্রেডার্স।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী জানান, নতুন করে ছয়টি প্রতিষ্ঠান থেকে (এক কোটি করে) ছয় কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আমদানি করা ডিম লেটার অব ক্রেডিট (এলসি) খোলার এক সপ্তাহের মধ্যে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই এটি শুরু হবে।
এর আগে ১৮ সেপ্টেম্বর দেশের চার প্রতিষ্ঠান থেকে এক কোটি করে মোট চার কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়।

