• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি নারী আইনজীবীদের

প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১১:০৯
আপডেট: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১১:০৯

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি নারী আইনজীবীদের

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে অবিলম্বে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন বিএনপিপন্থি নারী আইনজীবীরা। তারা বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠানো না হলে এর পরিণাম শুভ হবে না।

বুধবার খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে নারী আইনজীবীদের সমাবেশে বক্তারা এ হুঁশিয়ারি দেন।

সমাবেশে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আসিফা আশরাফী পাপিয়া বলেন, উন্নত চিকিৎসা আমাদের সাংবিধানিক অধিকার। সেই সাংবিধানিক অধিকারকে সরকার ক্ষুণ্ন করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ করে তিনি বলেন, আপনার অসুস্থতার কথা স্মরণ করুন। আপনার নেত্রীকে সব সময় ভুলপথে পরিচালনা করবেন না। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অভিজ্ঞতা স্মরণ করুন। নিজের বিবেককে প্রশ্ন করুন।

তিনি বলেন, শেখ হাসিনাকে বলতে চাই- খালেদা জিয়াকে শর্তহীন মুক্তি দিতে হবে। কোনো শর্ত আমরা মানি না। না হলে আপনার ক্ষেত্রেও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী বলেন, চিকিৎসা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। আমরা বারবার বলছি- চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে দেশনেত্রীকে বঞ্চিত করা হচ্ছে। বাংলাদেশের কোনো আদালত খালেদা জিয়ার জামিন দিতে পারেননি। এটা অত্যন্ত দুঃখের। একবারের জন্য হলেও মানবিক হোন। বাংলাদেশের ১৮ কোটি মানুষ খালেদা জিয়ার মুক্তি চায়, চিকিৎসা চায়।

অ্যাডভোকেট নাসরিন আক্তারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- ড. আরিফা জেসমিন নাহিন, অ্যাডভোকেট শামীমা সুলতানা দীপ্তি, শাম্মী, মৌসুমি আক্তার, আফসানা শুভ্রা, টুম্পা রিফাত, জেসমিন আক্তার, মিনা বেগম মিনি, মেহবুবা জুঁই, আনজুম আরা মুন্নী, সৈয়দা লাইলি, নুর বাধন প্রমুখ।