• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি-জামায়াত গণতন্ত্র চায় না: মায়া

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৩৫
আপডেট: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৩৫

বিএনপি-জামায়াত গণতন্ত্র চায় না: মায়া

নিউজ ডেস্ক
বিএনপি-জামায়াত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক সেটা চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেছেন, বিএনপি-জামায়াত তারা স্বাধীনতা মানে না, আইন-কানুন মানে না, বিচার মানে না, গণতন্ত্র প্রতিষ্ঠা হোক সেটা চায় না। তারা পেছন দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা আগেও করেছে এখনো করছে। তারা ভোটে বিশ্বাসী না।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আজকে বাংলাদেশ যখন এগিয়ে চলেছে শেখ হাসিনার নেতৃত্বে তখন ষড়যন্ত্রের কোন সীমা নেই। বিএনপি-জামায়াত আন্দোলন আর স্বৈরাচারী কায়দায় আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে সরকারকে হঠাতে চায়। কিন্তু আজকে পরিস্কার বলতে চাই যখনই দেশে কোন অসুবিধা দেখা দেয় তখন শিল্পীরা সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা রাজপথে নেমে আসে; তার ইতিহাস প্রায় ৫০ বছরের। এটা অব্যাহত রাখার জন্য আমি তাদেরকে অনুরোধ করব।

তিনি বলেন, সারা বাংলাদেশে নির্বাচনের ডামাডোল বেজে গেছে। নির্বাচনে প্রচার শুরু হয়ে গেছে। আর একটি দল সুষ্ঠু অবাধ নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যে দলটি (বিএনপি) কানাডিয়ান আদালতে ৫ বার সন্ত্রাসী দল হিসেবে পরিচিত। আমেরিকাও স্বীকার করেছে এটি একটি সন্ত্রাসী দল। বিএনপির-জামায়াত একটি সন্ত্রাসী দল এবং খুনি দল। তারা শুধু খুন করে, রক্ত চায়। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত। তার স্ত্রী খালেদা জিয়া এবং পুত্র তারেক জিয়া শেখ হাসিনাকে ১৭ বার হত্যা করার চেষ্টা করেছে। সর্বশেষ গ্রেনেড হামলার মধ্যে দিয়ে তারা আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করা ষড়যন্ত্র করেছিল।

মায়া বলেন, বাংলাদেশে আওয়ামী লীগকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামানোর শক্তি কারও নেই। এটা স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের সংগঠন। যে দল মুক্তিযুদ্ধের সময় সপ্তম নৌবহরকে তাড়িয়ে দিয়েছি। সেই অপশক্তি (আমেরিকা) এখনো বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, দলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, জাতীয় কমিটির সদস্য এ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।