• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

নির্বাচনে আসুন সুষ্ঠু ভোট করব ইনশাআল্লাহ : বিএনপিকে ইসি আলমগীর

প্রকাশ: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ৫:৫৯
আপডেট: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ৫:৫৯

নির্বাচনে আসুন সুষ্ঠু ভোট করব ইনশাআল্লাহ : বিএনপিকে ইসি আলমগীর

নিউজ ডেস্ক

বিএনপির উদ্দেশে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, আপনারা নির্বাচনে আসুন, সুষ্ঠু ভোট করব ইনশাআল্লাহ। রোববার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইসি আলমগীর বলেন, আমরা চাই সব রাজনৈতিক দল নির্বাচনে আসুক। আমরা চাই তারা (বিএনপি) নির্বাচনে আসুক। এ পর্যন্ত সব ভোট সুষ্ঠু করে আসছি, সামনেও ভোট সুষ্ঠু করব ইনশাআল্লাহ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের নির্বাচন নিয়ে কোনো টেনশন নেই। আপনারা কি কখনো আমাদের টেনশনে দেখেছেন? আমরা ফুললি কনফিডেন্ট, নির্বাচন হবে। এটা ঠিক, আপনারা দেখেন কোনো নির্বাচনেই সব রাজনৈতিক দল আসে না। আপনারা ইতিহাসে দেখেন, ‘৭০-এর নির্বাচনেও সব দল নির্বাচনে আসে নাই। ৪৪টা দল তো নির্বাচনে আসবে আবার কোনো দল নাও আসতে পারে।

নির্বাচনে বিএনপি যদি না আসে আপনাদের খারাপ লাগবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হব। উনাদের দাবি যাদের কাছে আছে সেটা তাদের কাছে আছে। আমরা চাই তারা নির্বাচনে অংশগ্রহণ করুক, আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা চাই সব রাজনৈতিক দল আসুক।

ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর প্রসঙ্গে ইসি বলেন, ব্যালট পেপার সকালে বা আগে দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। যেখানে সকালে যাওয়ার কথা সকালে যাবে, আবার যেখানে আগে যাওয়ার কথা সেখানে আগে যাবে। তপশিল ঘোষণার পর সিদ্ধান্ত হবে।

তপশিল ও ভোট প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, কমিশন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে নভেম্বরে তপশিল হবে। ভোট ডিসেম্বর না জানুয়ারিতে হবে সেটা আগে ঠিক হবে। সংবিধান অনুযায়ী, ভোট করতে যাবতীয় কাজ শেষ করেছি। রোডম্যাপ করেছি। নির্বাচন নিয়ে কমিশনের সব প্রস্তুতি শেষ। সবাই নির্বাচন চায়, ৪৪ দল আমাদের সঙ্গে আছে। বিএনপিরটা ভিন্ন ইস্যু। রাজপথের সমস্যা উনারা সমাধান করবেন। আমরা সাংবিধানিকভাবে কাজ করছি, এর বাইরে যাওয়ার কোনো পথ নেই বলেও জানান তিনি।