নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া ও বিএনপি-জামায়াত জোটের চিন্তার দৈন্যতা আছে, তাই ক্ষমতায় থেকে তারা কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। সোমবার (১৬ অক্টোবর) জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দেশের ৬৫টি স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি টিকা দিয়েছে। ধনী দেশগুলোও বিনামূল্যে করোনার টিকা দেয়নি। কোটি কোটি টাকা খরচ করে আমরা বিনামূল্যে টিকা দিয়েছি। তখন আমাদের রিজার্ভও ভালো ছিল।
তিনি বলেন, করোনাকালে চিকিৎসা সেবা দেয়ার জন্য আমাদের প্রতিটি নার্স-চিকিৎসককে আলাদা করে ভাতা দিতে হয়েছে। কারণ সেই সময়ে ভয়ে কেউই এগিয়ে আসতে চায়নি। এমনকি তাদের সুরক্ষায় পিপিইসহ বিভিন্ন ধরনের সুরক্ষা সামগ্রী কিনে দিতে হয়েছে। করোনার টিকা দেয়ার জন্য ভলান্টিয়ার তৈরি করতে হয়েছে। পৃথিবীর অনেক দেশে লাখ লাখ মানুষ মারা গেছে, আল্লাহর রহমতে আমাদের তেমন ক্ষতি হয়নি।
সরকারপ্রধান আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে এত উন্নয়ন হচ্ছে। কোনো দল বিবেচনা করে ভূমিহীন মানুষদেরকে ঘর দেওয়া হচ্ছে না। মানুষ হিসেবেই ঘর দেয়া হচ্ছে। নদীর গতিপথ বন্ধ করে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না বলেও জানান প্রধানমন্ত্রী। কার্লভাট বা ব্রিজ নির্মাণের জন্য নির্দেশনা দিয়েছেন তিনি।

