• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

খালেদা জিয়ার রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে

প্রকাশ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ১:০১
আপডেট: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ১:০১

খালেদা জিয়ার রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে

মেডিকেল বোর্ডের চিকিৎসক বললেন
নিউজ ডেস্ক
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। দিন দিন তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। ফলে একদিকে যেমন জটিলতা বাড়ছে, তেমনি তিনি দুর্বল হয়ে পড়ছেন। শুক্রবার সমকালকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক এ তথ্য জানিয়েছেন।

ওই চিকিৎসক বলেন, মাঝেমধ্যেই ম্যাডামের সমস্যা জটিল হচ্ছে। অক্সিজেন কমে যাওয়াসহ একাধিক জটিলতা দেখা দিচ্ছে। তাই দ্রুত সিসিইউর সহায়তা প্রয়োজন হচ্ছে। গত বৃহস্পতিবারও তাঁকে এক দফা সিসিইউতে নেওয়া হয়েছিল। তাঁর পেটে পানি জমছে। এগুলো অপসারণ করতেই তাঁকে সিসিইউতে নিতে হচ্ছে। চিকিৎসা শেষে আবার তাঁকে কেবিনে নিয়ে আসা হয়।

দু-একদিন পরপরই খালেদা জিয়ার স্বাস্থ্যের একাধিক পরীক্ষা করা হচ্ছে জানিয়ে ওই চিকিৎসক বলেন, প্যারামিটারগুলো ওঠানামা করছে। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপি চেয়ারপারসন শারীরিক দুর্বলতা থাকায় মাঝেমধ্যে কিছু ওষুধ খেতে চান না। তাঁকে সব সময় স্যালাইন ও ইনজেকশনের ওপর থাকতে হচ্ছে।

তিনি বলেন, দু’দিন আগে রক্তে হিমোগ্লোবিনের উন্নতি হলেও এখন ফের কিছুটা কমছে। ইনসুলিন দিয়ে ডায়াবেটিস এবং নানা এন্টিবায়োটিকের মাধ্যমে লিভারের সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। তবে খালেদা জিয়ার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় শঙ্কা বাড়ছে। এই মুহূর্তে লিভার প্রতিস্থাপন ছাড়া এর স্থায়ী কোনো সমাধান নেই। লিভারের পাশাপাশি তাঁর কিডনি জটিলতা ও ডায়াবেটিসের মাত্রাও বাড়ছে।