নিউজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশনস প্লাটফর্মসমূহ যেমন ফেসবুক, এক্স-পূর্ববর্তী নাম টুইটার, ইন্সটাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, সিগন্যালসহ কোথাও কোন অ্যাকাউন্ট, আইডি অথবা পেইজ নেই বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয়েছে। তাঁরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি সাইবার জগতে তাদের নামে ‘ফেক আইডি ও পেইজ’ তৈরি করে একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন কারসাজিমূলক, বিকৃত ও বানোয়াট তথ্যাদি প্রচারের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টিতে লিপ্ত আছে।
পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানসহ সচেতন দেশবাসীকে এই বিষয়ে বিভ্রান্ত না হবার আহ্বান জানানো হয়েছে। ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নাম ব্যবহার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে যে সকল ফেক আইডি ও পেইজ তৈরি করা হয়েছে, সেগুলোতে সংযুক্ত না থাকার জন্য সকলকে আহ্বান জানানো যাচ্ছে। এসব ফেক আইডি ও পেইজগুলোকে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট করে জানানোর জন্যও সকলকে আহ্বান জানানো হচ্ছে যাতে করে এই ফেক আইডি ও পেইজগুলো বন্ধ করে দেয়া হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে ফেসবুকে একটি ভ্যারিফায়েড আইডি (facebook.com/tariquerahman.bdbnp) এবং টুইটারে একটি ভ্যারিফায়েড হ্যান্ডেল (twitter.com/trahmanbnp) রয়েছে। এছাড়া আর কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের নামে কোনো আইডি অথবা পেইজ নেই।


