নিউজ ডেস্ক
সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দলীয় সরকারের অধীনে বিগত নির্বাচনগুলো ভালো হয়নি। আগামীতে ভালো নির্বাচন হবে তার নিশ্চয়তা কী?
চলমান রাজনৈতিক সংকটের বিষয়ে মানবজমিনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রথমত দলগুলোর মধ্যে একটি বোঝাপড়া না হলে ভালো নির্বাচন হবে না। কে নির্বাচনে আসবেন, কে আসবেন না, কোন দলের কতোটুকু দাবি-দাওয়া আছে এটা দেখার বিষয়। যতক্ষণ পর্যন্ত না বড় দলগুলো যোগ দেবে ততক্ষণ সন্দেহজনক নির্বাচন হবে।
তিনি বলেন, ছোট ছোট দলগুলোর সমর্থন কি? তারা যদি এক শতাংশও ভোট পায় তাতেই কি নির্বাচন অংশগ্রহণমূলক হয়ে গেল!। বড় দল, যাদের ভোট আছে, সরকার গঠন করার মতো ক্ষমতা রাখে সেসব দল না আসলে এসব ছোট ছোট দল দিয়ে কী হবে?
বিরোধী দলগুলোর দাবি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এ ব্যবস্থা ফিরে আসার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তত্ত্বাবধায়ক প্রসঙ্গে কী হবে সেটা বলতে পারবো না। তবে বিগত নির্বাচন দলীয় সরকারের অধীনে ভালো হয়নি। আগামীতেও ভালো নির্বাচন হবে তার নিশ্চয়তা কি! দলগুলোকে দেখতে হবে কীভাবে তারা নির্বাচন করতে চায়।
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, যাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, যারা এর আওতায় এটা তো সাধারণত ভালো কথা নয়। নির্বাচন কি-কতোখানি হবে আমি জানি না। ভিসা নিষেধাজ্ঞা দেশের জন্য ভালো না।
একটি স্বাধীন দেশ বিশেষ করে বাংলাদেশের মতো দেশের জন্য তারা এটি ঘোষণা করেছে। নির্বাচনের এত আগে পৃথিবীর কোথাও মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করেনি। যা হয়েছে নির্বাচনের সময় কিংবা নির্বাচনের পরে। আমাদের এখানে তো নির্বাচনের তিন মাস আগেই দিয়েছে। এটা তো দেশের জন্য লজ্জার বিষয়।
সূত্রঃ মানবজমিন

