• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পিটার হাসের সঙ্গে ৬ বিষয়ে আলোচনা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ৮:২০
আপডেট: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ৮:২০

98789 3

পিটার হাসের সঙ্গে ৬ বিষয়ে আলোচনা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে রোববার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বৈঠকে দুজনের মধ্যে ছয়টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৈঠকে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান মার্কিন রাষ্ট্রদূত। স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জানান, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যাতে করে স্বাধীনতাবিরোধী শক্তি কোনো ধরনের নাশকতার সৃষ্টি করতে না পারে। সরকার শারদীয় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা দিতে বদ্ধপরিকর।

পিটার হাস বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। কোনো সংবাদ প্রকাশে বর্তমান সরকার হস্তক্ষেপ করছে না। আপনি লক্ষ্য করবেন এখন পত্রিকা, টেলিভিশন সরকারবিরোধী খবরই বেশি প্রচার করে থাকে। টেলিভিশন টকশোতে সবসময় সরকারবিরোধী আলোচনা বেশি হয়ে থাকে। বর্তমানে আগের যেকোনো সরকারের সময়ের থেকে সংবাদপত্র বেশি স্বাধীন।

নির্দিষ্ট কিছু পত্রিকাতেই সরকারি বিজ্ঞাপন দেওয়া হয় কি না- রাষ্ট্রদূতের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সরকারি বিজ্ঞাপন নির্দিষ্ট কোনো পত্রিকায় দেওয়া হয় না। বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে সরকার কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেয় না। সংশ্লিষ্ট দপ্তর-অধিদপ্তরই বিজ্ঞাপনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।

বিএনপির মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীকে গ্রেপ্তার করা হবে কি না, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান পিটার হাস। জবাবে মন্ত্রী বলেন, সমাবেশ ঘিরে বিএনপির কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে না বা তাদের নামে নতুন করে মামলাও দেওয়া হচ্ছে না। পুরোনো মামলায় শুধুমাত্র তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে যাদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। যারা জামিনে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধরছে না।

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ উপলক্ষে গণপরিবহন চলাচলে সরকার হস্তক্ষেপ করবে কি না- এমন প্রশ্নে পিটার হাসকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বর্তমান সরকার গণতান্ত্রিক শান্তিপূর্ণ সভা-সমাবেশে বিশ্বাস করে। বিএনপির কোনো সমাবেশ কেন্দ্র করে সরকার পরিবহন চলাচলে বাধা সৃষ্টি করেনি; এবারও করবে না।

মার্কিন রাষ্ট্রদূত আরও জানতে চান, বিএনপির মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করবে কি না। জবাবে আসাদুজ্জামান খান বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ কোনো সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী কখনো শক্তি প্রয়োগ করেনি। তবে কেউ নাশকতার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।

এ ছাড়াও মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়েও পিটার হাসের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com