• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশের অনুমতির বিষয় সংবিধানের কোথাও নেই: গয়েশ্বর

প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ২:৩৭
আপডেট: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ২:৩৭

রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশের অনুমতির বিষয় সংবিধানের কোথাও নেই: গয়েশ্বর

নিউজ ডেস্ক
রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশের অনুমতির বিষয় সংবিধানের কোথাও নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘নয়াপল্টনে বিএনপিকে মহাসমাবেশ করতে না দিলে যার কাছে যা আছে তাই নিয়ে নেতাকর্মীরা সারা ঢাকা ছড়িয়ে পড়বে। রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশের অনুমতি নিতে হবে, তা সংবিধানের কোথাও নেই।’

বুধবার (২৫ অক্টোবর) রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জনতার অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই দাবি করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘পুলিশের ভূমিকা যেন রাজনীতিবিদদের মতো না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। রাজনৈতিক দল তাদের পছন্দমতো জায়গায় কর্মসূচি পালন করবে, এটি তাদের অধিকার।’

২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে পুলিশ-প্রশাসনকে নিরপেক্ষ থাকারও আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকার পতনের এক দফা দাবি আদায় করতে চায়। সরকার বিএনপির কর্মসূচি ঘিরে সংঘাত উস্কে দিচ্ছে। এছাড়া নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলেও দাবি করেন বিএনপি নেতারা।

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বড় ধরনের মহাসমাবেশ করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াত। তবে এখনো দলগুলোর সমাবেশের স্থান নির্ধারণ হয়নি। ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বলা হয়েছে, যেখানেই অনুমতি দেওয়া হবে, সেখানেই সমাবেশ করতে হবে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ড. খ. মহিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ডিএম‌পির পক্ষ থে‌কে য‌া‌দের‌ যেখা‌নে অনু‌মিত দেওয়া হ‌বে, তা‌দের‌ সেখা‌নে সমা‌বেশ কর‌তে হ‌বে।

বর্তমান একাদশ সংসদের মেয়াদ প্রায় শেষ। এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। সাংবিধানিক বাধ্যবাধ্যকতা থাকায় নির্বাচন হতে হবে এ বছরের নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে। এখনো নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও কমিশন বলছে, আগামী নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।