নিউজ ডেস্ক
বিএনপির মহাসমাবেশ ঘিরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে ৬০টির বেশি উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা বসাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সমাবেশে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এগুলো বসানো হচ্ছে। কেন্দ্রীয় পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে ক্যামেরাগুলো থেকে পাওয়া ফুটেজ বিশ্লেষণ করা হবে।
ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘সমাবেশের দিন সর্বোচ্চ ফোর্স মাঠে থাকবে। কোনো ধরনের দাঙ্গা, হাঙ্গামা হলে পুলিশ তা দমন করবে। কোনো দল ঝুঁকি নিলে পুলিশও ঝুঁকি নেবে। সমাবেশস্থলে সিসি ক্যামেরা, ড্রোন থাকবে। গোয়েন্দারা সরাসরি ক্যামেরা নিয়ে মাঠে থাকবেন।’
২৮ অক্টোবর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। এ জন্য ডিএমপির কাছে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়। ডিএমপিও পাল্টা চিঠি দিয়ে অন্য আরও দুটি স্থানের নাম চায়। তবে নয়াপল্টনে সমাবেশ করার বিষয়ে অনড় বিএনপি। পুলিশের দেওয়া চিঠির জবাবে দলটি বলেছে, ‘তারা নয়াপল্টনেই মহাসমাবেশ করবে। তাদের সব প্রস্তুতি সম্পন্ন। অন্য কোনো ভেন্যুতে যাওয়া সম্ভব নয়।’ যদিও এখন পর্যন্ত বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি।

