• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

জিজ্ঞাসাবাদের জন্য মির্জা ফখরুলকে তুলে আনা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ৬:২৬
আপডেট: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ৬:২৬

জিজ্ঞাসাবাদের জন্য মির্জা ফখরুলকে তুলে আনা হয়েছে: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিবির তুলে আনার কারণ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেছেন, তাঁকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। পরে যদি আমরা তেমন কিছু পাই, তদন্তের পর, তখন বলা যাবে। এ মুহূর্তে আমরা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজারবাগে নিহত পুলিশ কনস্টেবলের জানাজা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘গাড়ি পোড়ানো, পুলিশের ওপর হামলাসহ অনেকেই জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। আমরা তাদের খুঁজছি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি।’

তিনি আরও বলেন, ‘পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ‘উচ্চ নিম্ন’ কাউকে ছাড় দেওয়া হবে না। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে যা কিছু করার দরকার আমরা করব।’