• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের তীব্র নিন্দা রিজভীর

প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ১:২৭
আপডেট: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ১:২৭

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের তীব্র নিন্দা রিজভীর

নিউজ ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যাওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

দলের সহ-দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন” ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে সরকার। নিশিরাতের সরকারের বিরুদ্ধে গোটা জাতি ফুঁসে উঠেছে। বিএনপির মহাসমাবেশে লাখ লাখ জনগণের উপস্থিতি দেখে সুপরিকল্পিতভাবে বিএনপির মহাসমাবেশে আক্রমণ করে, গুলি করে নেতা-কমীদের হত্যা করেও নিজেদের নিরাপদ মনে করছে না অবৈধ সরকার। তাই বিএনপির অন্যতম শীর্ষ নেতা ও গণতান্ত্রিক আন্দোলনের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ সকালে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলারক্ষা বাহিনী।

রিজভী বলেন,’মির্জা ফখরুল ইসলাম ৭৫ বছর বয়স্ক এবং গুরুতর অসুস্থ। তার মতো একজন নেতাকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। জনগণকে ভয় পাইয়ে দিতেই বিএনপি নেতাদের আটক করা হচ্ছে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। গ্রেফতার নিপীড়ন করে, নেতা-কর্মীদের হত্যা করে এবার আর ক্ষমতা ধরে রাখা যাবে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই গতকাল বিএনপির মহাসমাবেশে হামলা, গুলি, গুলি করে হত্যা এমনকি যত নাশকতা করেছে সব করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা। এর তায় দায়িত্বও তাদের নিতে হবে। আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার মুক্তি দাবি করছি।”