• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আ’লীগ ও স্বরাষ্ট্রমন্ত্রীর পর জাতীয় পার্টির সঙ্গে নির্বাচন নিয়ে বৃটিশ হাইকমিশনারের বৈঠক

প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ১২:০৯
আপডেট: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ১২:০৯

আ’লীগ ও স্বরাষ্ট্রমন্ত্রীর পর জাতীয় পার্টির সঙ্গে নির্বাচন নিয়ে বৃটিশ হাইকমিশনারের বৈঠক

নিউজ ডেস্ক
নির্বাচন নিয়ে আলোচনা করতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাতের ঠিক একদিন পর একই উদ্দেশ্যে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুক। জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলার বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে দলটির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু ছাড়াও বৃটিশ হাইকমিশনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশন। বুধবার এক্সে (আগের টুইটার) হাইকমিশন লিখেছেঃ আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করতে আজ সন্ধ্যায় জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৃটিশ হাইকমিশনার সারাহ কুক। অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সকল স্টেকহোল্ডারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে যুক্তরাজ্য।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় বৃটিশ হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কর্নেল (অব.) ফারুক খান এবং দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমদ উপস্থিত ছিলেন।

ওদিকে, বুধবার সচিবালয়ে বৃটিশ হাইকমিশনার সারাহ কুক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন।