• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

অভিনেত্রী হোমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ১২:৩০
আপডেট: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ১২:৩০

অভিনেত্রী হোমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু

বিনোদন ডেস্ক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমু আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম এই তথ্য জানান। তবে কীভাবে এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে, সেটি স্পষ্ট করে জানাতে পারেননি নাসিম। তিনি বলেন, হাসপাতালে যে ছেলেটি নিয়ে এসেছিল, সে হিমুকে এখানে রেখে পালিয়ে গেছে। পুলিশ তাকে খুঁজছে। এখনই বিস্তারিত কিছু বলতে পারছি না। উত্তরা পশ্চিম থানার ওসি আজিজুর রহমান জানান, অভিনেত্রী হোমায়রা হিমু উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কে একটি ভবনের নিজের ফ্ল্যাটে থাকতেন। আমরা যতটুকু জেনেছি নিজের ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন। বাসার একজন তাকে উদ্ধার করে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় উল্লেখ করে তিনি জানান, হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত বলে জানান। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি আজিজ।

এদিকে রাতে অভিনয় শিল্পী সংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অভিনয় শিল্পী হোমায়রা হিমু আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন।

বৃহস্পতিবার বিকাল ৪টা ৪৬ মিনিটে হিমুর একজন বন্ধু মিহির হাসপাতালে তাকে নিয়ে আসেন। পৌঁছানোর পর উপস্থিত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় হালকা দাগ দেখতে পাওয়ায় ডাক্তার পুলিশ ডাকেন। পুলিশ ডাকাতে সেই বন্ধু চলে গেলে এখন পুলিশ তাকে খুঁজছে। মৃত্যুর কারণ পোস্টমর্টেম রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। হাসপাতাল এবং দাফনসহ যাবতীয় প্রয়োজনীয় প্রক্রিয়া অভিনয় শিল্পী সংঘ সম্পন্ন করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হোমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩শে নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। লক্ষ্মীপুরে ছোটবেলা কেটেছে হোমায়রা হিমুর। ক্লাস টুতে পড়ার সময় থেকেই কাজ করতেন মঞ্চে। বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে হিমু নিজেই বলেছিলেন, ছোটবেলা থেকেই স্থানীয় হাইফাই কৌতুক শিল্পগোষ্ঠী ও ফ্রেন্ডস নাট্যগোষ্ঠীর সঙ্গে কাজ করতেন তিনি। ১৯৯৯ সালে এসএসসি পরীক্ষার পর ঢাকায় আসেন হিমু। প্রথমে ভর্তি হন নাগরিক নাট্যাঙ্গনে। এরপর কাজ করেন আরও কয়েকটি নাটকের দলে।
২০০৫ সালে বিনোদন দুনিয়ায় কাজ শুরু করেন হুমায়রা হিমু। এই সময়ে তার আসল নাম হুমায়রা নুসরাত হিমু থেকে হোমায়রা হিমু হয়। তার এই নাম বদলের পেছনে রয়েছে অভিনেতা টনি ডায়েসের ভূমিকা। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘আমার বন্ধু রাশেদ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় হিমুর। সিনেমাটিতে তরু আপা চরিত্রে দেখা যায় তাকে।