• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নিহতদের স্মরণে মসজিদে মসজিদে বিএনপির দোয়া মাহফিল

প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ৯:২৯
আপডেট: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ৯:২৯

নিহতদের স্মরণে মসজিদে মসজিদে বিএনপির দোয়া মাহফিল

জনতার আওয়াজ ডেস্ক
একদফা দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ থেকে শুরু করে অবরোধ চলাকালে পুলিশের গুলিতে যেসব নেতাকর্মী নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনায় শুক্রবার (৩ নভেম্বর) জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে দোয়া মাহফিল হয়েছে।

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জুমার নামাজের পর যার যার এলাকায় মসজিদে অনুষ্ঠিত বিশেষ এ মোনাজাতে শরিক হন। একই কর্মসূচি পালন করেছেন যুগপৎ আন্দোলনের শরিক দল, জোটসমূহ। পৃথকভাবে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এবি পার্টি। সারা দেশে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বাদ জুমা মোনাজাতে শরিক ছিলেন।

গত বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ২৮ অক্টোবর ও অদ্যাবধি পুলিশের গুলিতে ৯ জন নিহত ব্যক্তির আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার ঢাকাসহ সারা দেশের সব মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, পূর্বঘোষিত কর্মসূচি মোতাবেক ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়েছে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ, ২৯ তারিখ দেশব্যাপী হরতাল এবং ৩১ অক্টোবর ও ১ এবং ২ নভেম্বর দেশব্যাপী অবরোধ কর্মসূচি সফলভাবে পালন করতে গিয়ে দলীয় যে সব নেতা ও সাংবাদিক আওয়ামী পুলিশ বাহিনীর গুলিতে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় বাদ জুমা সারা দেশে প্রায় সব মসজিদে মোনাজাত করা হয়েছে। তন্মধ্যে বগুড়ায় দোয়া হয়েছে। ঝিনাইদহের ৬ উপজেলায় বিএনপির সভাপতি এমএ মজিদের তত্ত্বাবধায়নে দোয়া অনুষ্ঠান হয়। বিকেল ৪টায় রাজধানীর বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, আসাদুজ্জামান ফুয়াদ, বিএম নাজমুল হক, আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম, আলতাফ হোসাইন, সাঈদ নোমান, শাহ আব্দুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাদ আসর বিজয়নগরে গায়েবানা জানাজা ও মোনাজাতে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতা বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, মুহাম্মদ রাশেদ খান, আবু হানিফ, যুব জাগপার মীর আমির হোসেন আমুসহ জোটের নেতারা।

এছাড়া লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের উদ্যোগে বিশেষ মোনাজাত করা হয়েছে।