• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

আজও মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায় পেছালো

প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ২:৪৩
আপডেট: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ২:৪৩

আজও মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায় পেছালো

নিউজ ডেস্ক

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে করা মামলার রায় আজ মঙ্গলবার হচ্ছে না। এ নিয়ে এ মামলাটির রায় দ্বিতীয় দফায় পিছিয়ে গেল। তবে এ মামলার রায়ের জন্য পরবর্তী দিন এখনো নির্ধারিত হয়নি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। যে কারণে এ মামলার রায় প্রস্তুত হয়নি। এর আগে গত ২২ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ৩০ নভেম্বর দিন ধার্য করেন আদালত। তবে ওইদিন রায় প্রস্তুত না হওয়ায় রায়ের জন্য ১২ ডিসেম্বর দিন ধার্য করেন।

মির্জা আব্বাসের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট রাজধানীর রমনা থানায় মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. শফিউল আলম। তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. খায়রুল হুদা আদালতে চার্জশিট দাখিল করেন।

তদন্তে তার বিরুদ্ধে ৪ কোটি ২৩ লাখ টাকার সম্পদ অর্জন ও ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ১৬ জুন আদালত এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলার বিচার চলাকালীন আদালত ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।