• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জাপার সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে রওশনের অনুরোধ

প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৪:০৫
আপডেট: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৪:০৫

জাপার সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে রওশনের অনুরোধ

নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান জাতীয় সংসদের বিরোধীদলের নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় গণভবনে প্রবেশ করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন তার ছেলে সাদ এরশাদ ও তার রাজনৈতিক সচিব গোলাম মসীহ, মশিউর রহমান রাঙা ও কাজী মামুনুর রশীদ।

সাক্ষাতে জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগ যেন জোট না করে সে বিষয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন রওশন এরশাদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেওয়ার ঘোষণা দিলেও রওশন এরশাদ নির্বাচনে না যাওয়ার কথা সাফ জানিয়ে দেন। এবার এ নিয়েই গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলাপ হয়েছে বলে জানা গেছে।

রওশন এরশাদ গণভবনে কেন এসেছিলেন এমন প্রশ্নে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা বলেন, নির্বাচন নিয়ে জিএম কাদেরের কর্মকাণ্ডে আমাদের সমর্থন নেই। তিনি জোর করে জাতীয় পার্টি দখল করেছেন। তাই জাতীয় পার্টির সঙ্গে যেন কোনো জোট না হয় সেজন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন রওশন এরশাদ।

তিনি বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতার সহধর্মিণী, তার ছেলে ও দুইবারের মহাসচিব নির্বাচনে মনোনয়ন পাননি, তাহলে কাদের সঙ্গে নিয়ে নির্বাচন করছে তারা। আমরা ওই জাতীয় পার্টির সঙ্গে নেই। তাদের সঙ্গে নির্বাচন করবো না। দলের ২৫০ থেকে ৩০০ নেতাকর্মীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। যোগ্য প্রার্থীদের মনোনয়ন না দিয়ে অপমান করা হয়েছে। জাতীয় পার্টির সঙ্গে যেন জোট না হয় সে অনুরোধ জানিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন উনি দলীয় পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন।