• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আজ সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন শেখ হাসিনা

প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ২:০৯
আপডেট: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ২:০৯

978589

আজ সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন শেখ হাসিনা

আজ সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে নগরীর আলীয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ জনসভাকে ঘিরে দলের নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আলীয়া মাদ্রাসা মাঠে নৌকার আদলে তৈরি হচ্ছে জনসভা মঞ্চ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সিলেট গিয়ে বিশেষ বর্ধিত সভা করেছেন। তিনি এ বিভাগের ১৯ আসনের নৌকার প্রার্থীদের বিশেষ নির্দেশনা দিয়েছেন। সিলেট জনসভা জনসমুদ্রে রূপ নেবে বলে জানান আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য। এ প্রসঙ্গে নানক বলেন, পুণ্যভূমি সিলেট থেকে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা শুরু হবে। এ জনসভাকে ঘিরে এ বিভাগের মানুষের মধ্যে অন্যরকম উৎসাহ সৃষ্টি হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সিলেটবাসী বরণ করে নিতে প্রস্তুত। সিলেট থেকেই শুরু হবে সারা দেশে নৌকার পক্ষে গণজোয়ার।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়ে যাবেন, সেই নির্দেশনাই আমরা পালন করতে প্রস্তুত। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, আলীয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভা। স্মরণকালের বৃহৎ জনসমাবেশ করার প্রস্তুতি নেয়া হয়েছে। বিভাগের প্রতিটি জেলা-উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা এসে জনসভায় উপস্থিত হবেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমেদ বলেন, জনসভায় অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করছি। কারণ সামনের নির্বাচন অনেক চ্যালেঞ্জিং। তৃণমূলের সব নেতারা নেত্রীর কথা শুনতে সিলেট শহরে আসবেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২২শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণাও শুরু করেছিলেন সিলেট থেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com