রংপুর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে আগামী ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) রংপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী সভায় বক্তব্য দেবেন তিনি।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী রংপুরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল। তিনি জানান, দলীয় ফোরাম থেকে প্রধানমন্ত্রী ২৬ ডিসেম্বর রংপুরে আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সফরে তারাগঞ্জ উপজেলার কলেজ মাঠে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এরপর রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী সভায় বক্তব্য দেবেন।
রংপুরে প্রধানমন্ত্রীর দুটি জনসভার প্রস্তুতি বিষয়ে অধ্যাপক মাজেদ আলী বাবুল জানান, রংপুর জেলা আওয়ামী লীগ সবসময় প্রস্তুত। আমরা আলোচনা করে সকল ধরণের প্রস্তুতি আগেভাগেই সম্পন্ন করব। আশা করছি বিপুল জনসমাগম হবে প্রধানমন্ত্রীর নির্বাচনী সভায়।
রংপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, আল্লাহর অশেষ রহমত প্রধানমন্ত্রী রংপুরে আসছেন। আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। আশা করছি বিপুল লোকসমাগম হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও প্রধানমন্ত্রী এই দুটি আসনের নির্বাচনীয় সভায় বক্তব্য দিয়েছিলেন।

