বিনোদন ডেস্ক
বিয়ের পাঁচ বছর পেরিয়ে গেছে ইতিমধ্যেই। আনুশকা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে আলিয়া ভাট— সংসার পাতার পর মা হয়েছেন দীপিকা পাড়ুকোনের সমকালীন নায়িকারা। অন্যদিকে বিয়ের আগে বছর ছয়েকের প্রেম। ২০১৫ সালে গোপনে আংটিবদল, তার পরে ২০১৮ সালের নভেম্বরে গাঁটছড়া বাঁধেন দীপিকা ও রণবীর সিং। গত বছর নিজেদের পঞ্চম বিবাহবার্ষিকী পালন করেছেন। দাম্পত্য জীবনে এখন বেশ পোক্ত জায়গায় এসে দাঁড়িয়েছেন যুগল। এবার নিজেদের পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানাতে চান তারা। মা হতে চান দীপিকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই ইচ্ছার কথা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী। দীপিকার কথায়, ‘রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালোবাসি। আমরা অপেক্ষা করছি যে দিন আমরা নিজেদের পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব।’
বিয়ের পাঁচ বছর পর এবার কি তবে সন্তান ধারণের কথা ভাবছেন বাজিরাও-এর মাস্তানি? দীপিকা জানান, এখনও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হলে তিনি উপলব্ধি করতে পারেন যে, তিনি একেবারেই বদলান নি।
নায়িকার মতে, ‘আমাদের পেশায়, খ্যাতি ও যশের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা খুবই স্বাভাবিক। তবে আমার পরিবারের কোনও সদস্যই বাড়িতে আমাকে ‘তারকা’ বলে মনে করেন না। আমি ও রণবীর আমাদের সন্তানের মধ্যেও সেই বৈশিষ্ট্যগুলো দেখতে চাই।’
সঞ্জয় লীলা বানসালীর ‘রাম-লীলা’ ছবির সেটে একে অপরের প্রেমে পড়েন রণবীর ও দীপিকা। তার পরে প্রায় ছ’বছরের সম্পর্ক।

