• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ভোটকেন্দ্রের পাহারায় থাকা গ্রাম পুলিশকে হত্যা

প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ২:৪৬
আপডেট: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ২:৪৬

ভোটকেন্দ্রের পাহারায় থাকা গ্রাম পুলিশকে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি
ভোটকেন্দ্র পাহারায় ছিলেন গ্রাম পুলিশ সদস্য রনজিৎ কুমার দে (৪৫)। দায়িত্ব পালনকালে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চর আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী দায়িত্বে ছিলেন তিনি। শনিবার (৬ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। চরআড়কান্দি গ্রামের শিবেন্দ্রনাথ দের ছেলে রনজিৎ।

বিদ্যালয়ের নাইটগার্ড মো. ইউসুফ হোসেন বলেন, ‘রনজিৎ কুমার রাতে চর আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আসেন। তার সঙ্গে রাতে আমিও ছিলাম। শনিবার ভোর সাড়ে ৩টার দিকে রনজিৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। প্রায় আধঘণ্টা পার হয়ে গেলেও ফিরে না আসায় খোঁজাখুঁজি করি। পরে স্কুলের ম্যাডাম ও স্থানীয় কিরন মেম্বারকে ফোনে বিষয়টি জানাই। ভোর ৫টার দিকে বিদ্যালয়ের টয়লেটের পাশে বাগানে রনজিতের মরদেহ পাওয়া যায়।’

খবর পেয়ে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ বলেন, গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।