• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

ইরানের চলচ্চিত্র উৎসবে জয়ার ‘ফেরেশতে’

প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ১১:০৪
আপডেট: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ১১:০৪

ইরানের চলচ্চিত্র উৎসবে জয়ার ‘ফেরেশতে’

বিনোদন ডেস্ক

নন্দিত তারকা অভিনেত্রী জয়া আহসান। দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি কাজ করছেন ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও। সম্প্রিতি মুক্তি পেয়েছে জয়া অভিনীত ভারতীয় সিনেমা। তবে এসব ছাপিয়ে জয়া কিছুদিন আগে শিরোনাম হয়েছেন ইরানি এক ছবিতে অভিনয় করে।

ছবিটির নাম ‘ফেরেশতে’। সিনেমাটি এর আগে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। কয়েক দিন পরে অনুষ্ঠিতব্য ঢাকা আন্তজার্তিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ছবিটি।

তবে তার আগেই জানা গেল ইরানের তেহরানে অনুষ্ঠিতব্য ৪২তম আন্তর্জাতিক ফজর থিয়েটার ফেস্টিভালে প্রদর্শিত হবে জয়া আহসান অভিনীত ইরানি সিনেমা ‘ফেরেশতে’। উৎসবের মূল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত হয়েছে এটি।

সি মোর্গ ব্লুরিন পুরস্কারের প্রত্যাশায় ইরানের বিখ্যাত চলচ্চিত্রকারদের সঙ্গে লড়বে ‘ফেরেশতে’। তেহরানে মঙ্গলবার (৯ জানুয়ারি) অনানুষ্ঠানিকভাবে সিনেমাটির সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন।

আসছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ফজর চলচ্চিত্র উৎসব।

ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় জয়া ছাড়া আরো অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী প্রমুখ। চলচ্চিত্রটির গল্প রচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুমিত আল রশিদ ও চলচ্চিত্রটির পরিচালক মুর্তজা অতাশ জমজম।

সিনেমাটি প্রসঙ্গে জয়া আহসান বলেন, “এই সিনেমায় কাজ করাটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। সিনেমাটির পুরো টিম তাদের নিজ দেশের ভাষায় কথা বলেন। কিন্তু চলচ্চিত্রের তো আর ভাষা নেই।

সে জন্য আমরা দারুণভাবে সংযোগ করতে পেরেছি। এটি মানবিক মূল্যবোধ ও অনুভূতির মিশেলে তৈরি হয়েছে। বিশ্বের সিনেমাপ্রেমী মানুষদের ‘ফেরেশতে’ মুগ্ধ করবে।”

ছবিটির শুটিং হয়েছে ঢাকার আশপাশের এলাকায় এবং ইরানে। ছবিটির প্রযোজক হিসেবে যুক্ত আছেন এই অভিনেত্রী।