• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

পুলিশি বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ৪:৩৩
আপডেট: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ৪:৩৩

পুলিশি বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড

নিউজ ডেস্ক
পুলিশি বাধার কারণে রাজধানীর মতিঝিল পীরজঙ্গী শাহ মাজারের সামনে বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড হয়ে গেছে। মঙ্গলবার বিকাল ৩টায় পীরজঙ্গী শাহ মাজারের সামনে এই মিছিল হওয়ার কথা ছিলো। বেলা ২টা ৩৫ মিনিটে কর্মসূচির প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ওই স্থানে আসেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে চলে যান তিনি।

এসময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ইতিমধ্যে আপনারা শুনেছেন উত্তরা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে আটক করেছে। আর এখানে আমাদের নেতাকর্মীরা দাঁড়াতে পারে নাই। এখানে আসার পরে সার্বিক পরিস্থিতি বুঝছি যে, অযথা আমার কর্মী গ্রেপ্তার হবে। আমার কর্মীরা একত্রিত হতে পারছে না। আজকে এই পুলিশি তাণ্ডব ও বাধার আমরা তীব্র প্রতিবাদ করি।

তিনি বলেন, মিটিং ও মিছিল করা সাংবিধানিক অধিকার। আর আমরা যথাসময়ে পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়ে অবহিত করেছি। এরপরেও আজিমপুর থেকে প্রায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আমাদের একদফার আন্দোলন চলমান থাকবে। এটা আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে অব্যাহত রাখবো।
মতিঝিল থানার ওসি আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, আজকে কালো পতাকা মিছিলের কোনো অনুমতি নাই। সেই কারণে এখানে আমরা তাদেরকে নিষেধ করেছি। কি কারণে অনুমতি নাই, সেব্যাপারে আমাদের মিডিয়া উইং আছে, আর আমাদের সিনিয়র স্যাররা আপনাদেরকে (সাংবাদিক) ব্রিফ করবেন।

এদিকে রাজধানীর উত্তর ও দক্ষিণের বাকি ৬টি স্পটেও পুলিশি বাধায় কালো পতাকা মিছিল পণ্ড হয়ে গেছে।