নিউজ ডেস্ক
আটকের ঘণ্টাখানেক পরই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন মঈন খানের ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন ভূইয়া মিল্টন। তিনি বলেন, পুলিশ বলেছে- কালো পতাকা মিছিলের অনুমতি না থাকায় মঈন খানকে থানায় নেওয়া হয়েছিল। এখন তাকে বাসায় পাঠানো হয়েছে।
এর আগে, বেলা ২টায় সংসদ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কালো পতাকা মিছিল থেকে মঈন খানকে আটক করেছিল পুলিশ। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তরে (জোন-২) কালো পতাকা মিছিল বের করলে মিছিল থেকে তাকে আটক করা হয়।

