মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি
চাঁদপুর-৪ আসনের (ফরিদগঞ্জ উপজেলা) সাবেক সংসদ সদস্য ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এড সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করেছেন। তিনি সবসময়ই করপোরেশনকে একটি জনবান্ধব সংস্থা হিসেবে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন। তিনি চাঁদপুর-৪ আসন থেকেও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
শোকবার্তায় প্রয়াত ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
প্রয়াত ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ১৯৯৭-২০০০ সাল পর্যন্ত অবিভক্ত সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হন।
মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ফুসফুসে সংক্রমণজনিত কারণে তিনি শুক্রবার সকাল ৬টা ৪২ মিনিটে হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।













