বিনোদন ডেস্ক
ব্যক্তিজীবন নিয়ে যতই আলোচনা হোক, ক্যামেরার সামনে নিখুঁত অভিনেত্রী বুবলী। অভিনেত্রী হিসেবে শতভাগই নম্বরের দাবীদার তিনি। চোখ এড়ায়নি উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার। বুবলীকে নিজেই বিষয়টি জানিয়েছেন এ গায়িকা।
জানা গেছে, একটি সাংস্কৃতিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুনা লায়লা। একই অনুষ্ঠানে অতিথি হিসেবে বুবলীও উপস্থিত ছিলেন। সেখানেই বুবলীকে তার সম্পর্কে নিজের মতামত জানান রুনা লায়লা।
বুবলীকে রুনা লায়লা বলেন, ‘মোবাইলে প্রায়ই তোমার কিছু কাজ চোখের সামনে চলে আসে। সেগুলো বেশ আগ্রহ নিয়েই দেখি। বেশ সুন্দর তোমার অভিনয়। অভিনয়ে তুমি অনেক ভালো করছো।’
কিংবদন্তি এ গায়িকা অভিনেত্রীকে আরও বলেন, ‘দোয়া করি তুমি আরও ভালো কর, আরও বড় হও।’
রুনা লায়লার কাছ থেকে এমন প্রশংসা শুনে যারপরনাই আপ্লূত বুবলী। উপমহাদেশের জনপ্রিয় এ গায়িকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গণমাধ্যমে বুবলী বলেন, ‘তিনি আমাকে চেনেন, আমার অভিনয় দেখেন, এটাই আমার অনেক বড় প্রাপ্তি।’
নতুন বছরের শুরুতেই সীমানা ছাড়িয়েছেন বুবলী। প্রথমবারের মতো অভিনয় করেছেন কলকাতার ছবি ‘ফ্ল্যাশব্যাক’। এতে তার সহশিল্পী হিসেবে আছেন সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস। ছবিটি পরিচালনা করেছেন রাশেদ রাহা।

