• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

এবার সংরক্ষিত আসনে সিলেটে নেত্রীদের লড়াই

প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১:০৯
আপডেট: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১:০৯

এবার সংরক্ষিত আসনে সিলেটে নেত্রীদের লড়াই

ওয়েছ খছরু, সিলেট থেকে

সিলেটে সংরক্ষিত আসনে মাত্র দু’জন এমপি হন। দলীয়ভাবে মনোনয়ন পেয়ে তারা এমপি নির্বাচিত হন। সিলেট বিভাগের দুই এমপি পদে প্রার্থী হচ্ছেন অন্তত ২৫ জন নেত্রী। তারা এখন ঢাকায় অবস্থান করছেন। মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি চালাচ্ছেন লবিংও। টিকিট কনফার্ম করতে দলীয় নেতা-নেত্রীদের কাছেও ছুটে যাচ্ছেন। সিলেট বিভাগে ১৯টি আসন। এরমধ্যে দুটি জেলা করে এমপি নির্বাচিত হন। গতবার মৌলভীবাজার ও সুনামগঞ্জ থেকে এমপি নির্বাচিত হন। দলের মনোনয়নপ্রত্যাশী নেত্রীরা জানিয়েছেন- সিলেট বিভাগে আরও একজন এমপি বাড়ানো প্রয়োজন।

এজন্য তারা মূল দল আওয়ামী লীগের সিলেট বিভাগের নেতাদের কাছে আবদার জানিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলের মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছিলেন সুনামগঞ্জের শামীম খানম ও মৌলভীবাজারের জোহরা আলাউদ্দিন। তারা বিতর্কহীনভাবে কাজ করে গেছেন। নতুন করে মহিলা আসনে তারাও রয়েছেন আলোচনায়। তবে- এবার কয়েকজন নতুন প্রার্থীকে নিয়ে আলোচনা বেশি হচ্ছে। ঢাকায় অবস্থান করা নেত্রীরা জানিয়েছেন- এবার সিলেট ও হবিগঞ্জ থেকে সংরক্ষিত আসনে এমপি হতে পারেন। প্রায় সময় এভাবেই বণ্টন হয়ে থাকে আসন। ফলে সিলেট ও হবিগঞ্জের নারী নেত্রীদের এমপি হওয়ার সুযোগ বেশি। অপর দুই জেলা থেকেও এমপি হওয়ার সম্ভাবনা তারা উড়িয়ে দিচ্ছেন না। এবার সংরক্ষিত আসনে এমপি হতে আরও লবিং চালাচ্ছেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, মহিলা আওয়ামী লীগের আইন সম্পাদক ব্যারিস্টার সীমা করিম, কেন্দ্রীয় সদস্য (সিলেট-সুনামগঞ্জ) সাবিনা সুলতানা, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ডা. নাজরা আহমদ চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশান জেবীন রুবা, যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি, আওয়ামী লীগের সদস্য আজিজুস সামাদ আজাদের স্ত্রী মুমতাহিনা রীতু, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ-সদস্য এডভোকেট শামছুন নাহার বেগম (শাহানা রব্বানী), সহ-সভাপতি এডভোকেট রীপা সিংহা ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি সৈয়দা সায়রা মহসীন, মহসীন আলী ও সায়রা দম্পতির মেয়ে যুবলীগের নেত্রী সৈয়দা সানজিদা মহসীন। গতকাল বিকালে ঢাকায় অবস্থান করা কয়েকজন নেত্রী জানিয়েছেন- বিকাল পর্যন্ত সিলেট বিভাগের দুটি সংরক্ষিত আসনের বিপরীতে মনোনয়ন কিনেছেন ২২ জন। আজ ও কাল মনোনয়ন কেনা ও জমা দেয়া হতে পারে। এ সংখ্যা আরও বাড়তে পারে। তারা জানিয়েছেন- মনোনয়নপত্র সংগ্রহ করে এরপর সেটি জমা দিতে হবে। গতকাল ক্রয় করলেও সিলেট বিভাগের কেউ মনোনয়ন জমা দেয়ার খবর পাওয়া যায়নি। আজ থেকে জমা দেয়া শুরু হতে পারে। এদিকে- সিলেট থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন কিনেছেন সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান। তিনি সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দুপুর ১২টার দিকে আসমা কামরান নিজেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আসমা কামরান জানিয়েছেন- পারিবারিকভাবেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। তার স্বামী সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান আওয়ামী লীগের রাজনীতি করে সিলেটের মাটি ও মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। সিলেটের নারীদের জন্য তিনিও দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এলাকাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ তাকে সুযোগ দিলে সবাইকে নিয়ে কাজ করবেন বলে জানান তিনি। মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সাবিনা সুলতানা গতকাল বিকালে দলের কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেছেন। তিনি জানিয়েছেন- এর আগে তিনি জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করেছেন। বিশেষ করে নারী উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন। যদি তাকে মনোনয়ন দেয়া হয় এবং নির্বাচিত হন তাহলে নারীদের উন্নয়নে তিনি কাজ করবেন বলে জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com