• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

আইটেম গানে তাক লাগাবেন ফারিণ

প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:৫৯
আপডেট: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:৫৯

আইটেম গানে তাক লাগাবেন ফারিণ

বিনোদন ডেস্ক

আলো ঝলমলে মঞ্চে সুন্দরী এক তরুণী কোমর দুলাচ্ছেন। পরনে তার স্লিভলেস কালো পোশাক, টানা টানা চোখে কাজল আর হাতভর্তি চুড়ি। একপর্যায় এই আইটেম গার্লের মুখে শোনা যায় একটি গান। আর সেই গানের তালে তালে ভিন্ন ভিন্ন অঙ্গভঙ্গিতে নাচতেও দেখা যায় সেই তরুণীকে।

সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের এমনই একটি গান প্রকাশ পেয়েছে অন্তর্জালে।

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘আনারকলি’। নাটকটি অনএয়ারে আসার আগেই চলে এসেছে এর গান। ‘লোকাল বয়’ শিরোনামের গানটি গেয়েছেন ‘নয়া দামান’ খ্যাত গায়িকা তোশিবা। গানটি লিখেছেন সালাউদ্দিন সাগর।

নাটকটির পরিচালক ইমরাউল রাফাত বলেন, ‘নাটকের গল্পের প্রয়োজনেই গানটি এসেছে।এটাকে নাটকের আইটেম গান বলা যেতে পারে। তবে একেবারে গল্প ও চরিত্রের সঙ্গে যুক্ত। যেটা পুরো নাটক দেখলে দর্শক সহজেই বুঝতে পারবেন।’

তিনি জানান, কয়েক দিন আগে শুটিং করা হয়েছে গানটির। তা-ও ঢাকার বাইরে। সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত লেগেছে গানটির শুটিং করতে। বেশ আয়োজন করে সেট নির্মাণ করে তবেই গানটির শুটিং করতে হয়েছে বলে জানান তিনি।

নাটকটিতে ফারিণ ছাড়াও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। গানে অবশ্য তৌসিফেরও উপস্থিতি আছে। একান্ন মিডিয়া ইউটিউব চ্যানেলে ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে নাটক ‘আনারকলি’।