• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আমরা এখন গৃহপালিত রাজনৈতিক দল: জিএম কাদের

প্রকাশ: রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১:১৩
আপডেট: রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১:১৩

আমরা এখন গৃহপালিত রাজনৈতিক দল: জিএম কাদের

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচনে আমাদের অংশগ্রহণ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, নানাভাবে মূল্যায়ন করছেন। কিন্তু মূল্যায়নের জন্য এখনো সঠিক সময় আসেনি। অচিরেই মানুষ বুঝতে পারবে কেন এ নির্বাচনে আমরা অংশ নিয়েছি। গতকাল দেশ টেলিভিশন পরিচালক আরিফ হাসানের বিশেষ আয়োজনে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা রাজাচাপিতলা গ্রামে সাবেক পূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মরহুম আবদুল আজিজের দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, রাজনীতি কতোটা নোংরা হতে পারে তা এবারের নির্বাচনে দেখেছি। বৈষম্যকে দূর করতেই হয়েছিল ভাষা আন্দোলন, সব জায়গায় শহীদ মিনার হচ্ছে কিন্তু বৈষম্য দিনকে দিন বেড়েই চলছে। এ সরকার আরও বেশি বৈষম্য তৈরি করেছে। তিনি বলেন, একুশের চেতনা নিয়ে বৈষম্যমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। এ নেতা বলেন, যখনই আমরা স্বাধীনভাবে রাজনীতি করতে যাই, তখন আমাদের মধ্যে ভাঙন তৈরি হয়। সরকারই এমন করে। এর জন্যে দায়ী আমাদের লোভ-লালসা।

জিএম কাদের বলেন, দলের সব নেতাদের সরকারি দলের নয়, জাতীয় পার্টির রাজনীতি করতে হবে। যারা জাতীয় পার্টিতে থেকে অন্য দলের রাজনীতি করে তাদের বের করে দিতে হবে।
এসময় জাপা চেয়ারম্যান বলেন, আমরা পরজীবী হতে চাই, গৃহপালিত রাজনৈতিক দল নয়। পরজীবী হয়ে আমরা অনেক কিছু করেছি। আমাদের একটা বড় দেন-দরবার করার শক্তি ছিল। ২০১৪ সালের পর থেকে আমরা সেই শক্তি হারিয়েছি।