• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আমরা দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করছি: দীপু মনি

প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪ ৪:৪৬
আপডেট: শনিবার, ২ মার্চ, ২০২৪ ৪:৪৬

আমরা দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করছি: দীপু মনি

চাঁদপুর প্রতিনিধি

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা জ্ঞান এবং দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করছি।শিক্ষার্থীরা স্বাবলম্বী হবে এবং তার মধ্যে যে প্রতিভা আছে তার পুরোটা বিকাশের সুযোগ পাবে। একইসঙ্গে শিক্ষার্থীদের খেলাধুলা এবং সাংস্কৃতিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

শনিবার (২ মার্চ) দুপুরে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, শরীর ও মনে যে শিশু সুস্থ হবে সেই শিশুই মানবিক, সৃজনশীল, দক্ষ ও যোগ্য হয়ে সোনার বাংলা গড়বার সোনার মানুষ হয়ে উঠবে।

দীপু মনি বলেন, আজকে যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, যেমন উন্নত প্রযুক্তির ব্যবহার হচ্ছে, একই সঙ্গে যুগোপযোগী শিক্ষাক্রম প্রণীত হয়েছে এবং সেটি যেন যথাযথভাবে বাস্তবায়ন হয়, তার জন্য আমি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ব্যবস্থাপনা পর্ষদের প্রতি আহ্বান জানাব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এম আর শামীম পাটওয়ারী।

উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ড. জে আর ওয়াদুদ টিপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদস্য অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারীসহ শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।