• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ডোনাল্ড লু’কে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালো বিএনপি

প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪ ৩:৫৯
আপডেট: শুক্রবার, ১৭ মে, ২০২৪ ৩:৫৯

ডোনাল্ড লু’কে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালো বিএনপি

জনতার আওয়াজ ডেস্ক
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র বাংলাদেশ সফরের সময় প্রথম আলো ও ইনডিপেন্ডেন্ট টিভি চ্যানেল তাঁর সাথে এক সাক্ষাৎকারে বিএনপির বরাত দিয়ে সাংবাদিকরা যে প্রশ্ন করেছেন তা সম্পূর্ণরুপে অসত্য, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। বিএনপি-কে হেয় করতেই এ ধরণের অবান্তর প্রশ্ন করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

শুক্রবার (১৭ মে) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে বলা হয়, প্রশ্নে বলা হয়েছে- ‘বাংলাদেশের একটি বিরোধী দল-বিএনপি অভিযোগ করেছে যে, ভারতের মধ্যস্থতায় প্রভাবিত হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান নরম করেছে’। বিএনপি’র কোন পর্যায়ের নেতাই কখনো কোথাও এ ধরণের মন্তব্য করেননি বা বক্তব্য দেননি। এ ধরণের মনগড়া বক্তব্য প্রকাশ করা বড় ধরণের ভুল বুঝাবুঝির সৃষ্টি করে। প্রথম আলো এবং ইনডিপেন্ডেন্ট টিভির মতো বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের এ ধরণের অবাস্তব প্রশ্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুনামকে ক্ষুন্ন করে।

বিএনপি মনে করে বর্তমানে দেশের জনগণ ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতাকর্মীরা জীবনবাজী রেখে, জেল-জুলুম-নিপীড়ণ-নির্যাতন সহ্য করে দেশের মানুষের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম করছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জনগণের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধপরিকর। বিএনপির বরাত দিয়ে যে বিভ্রান্তিমূলক প্রশ্ন করা হয়েছে তা সমীচিন নয়। এটি জনমণে বিভ্রান্তি সৃষ্টি করে। উল্লিখিত অসত্য ও মনগড়া বক্তব্যটির প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।